শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের খেলা চলছে। ভিআইপি গ্যালারিতে বসে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং পর্যবেক্ষণে ব্যস্ত বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। পুরো ইনিংসে লিটন, মিঠুনদের শট সিলেকশন দেখে হতাশ হয়েছেন তিনি। ইনিংস বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের হতাশার কথা প্রকাশ করতে দেখা যায় তাকে।
কোচিং সমস্যা না ক্রিকেটারদের সমস্যা, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাপন বলেন, ‘এখন পর্যন্ত আমরা সবাই জানার চেষ্টা করতেছি কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। সমস্যাটা হচ্ছে হারা জিতা নিয়া বড় কথা না।’
তিনি বলেন, ‘আপনি যদি আজকে আমাদের ব্যাটিংটা দেখেন, ওরা কয়টা ভালো বল করছে বা কয়টা ব্রিলিয়েন্ট ফিল্ডিং করে আমাদের আউট করেছে? আমাদের শট সিলেকশনগুলো কি ঠিক ছিল? আপনি যত ভালোই কোচই আনেন না কেন, কোনো লাভ নেই। আমি বলতে চাচ্ছি এখানে কোচের কথাটা পরে, আগে আমাদের প্লেয়ার নিয়া বসতে হবে।’
‘আমাদের জানতে হবে ওদের চিন্তাধারাটা কী। কারণ আমি মনে করি, এখানে কয়েকটা আউট খুবই বিশ্রি ছিল, কোনো কারণই নেই এমন শট খেলার ওই সময়টাতে। আমি বুঝবটা কিভাবে? যদি বলি আমার ব্যাটিং খারাপ হচ্ছে কেন? তো আমারে বলবে কী শট খেলব? এ শট কি কেউ খেলে, তো শিখাই দিতে হবে এটা খেলতে হবে এটা খেলতে হবে না, এ সময় গিয়ে। তখন আমি বলবটা কী। তাকে তো বুঝতে হবে সমস্যাটা কি, সো আমি প্লেয়ার নিয়ে বসব, তাদের সমস্যাটা কী। আমার তো সবাইকে নিয়া বসতে হবে।’
করোনার কারণে প্লেয়ারদের সঙ্গে আগের মতো দেখা হচ্ছে না জানিয়ে পাপন বলেন, ‘আমি তো ওদের সঙ্গে বসতেই পারতেছি না এ কোভিডের জন্য। কী এক বায়ো-বাবল করে রাখছে ঢুকতে দেয় না, আমাকেও ঢুকতে দেয় না। তো আমি করবটা কী।’
লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়ে পাপন বলেন, ‘ও সব সময় পাঁচ ছয় নম্বরে ব্যাটার, আমার ধারণা। টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, বাট ওয়ানডেতে পাঁচ-ছয় নম্বরে।’

