নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নিলেন শফী হত্যা মামলার বাদী

হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী ও তার শ্যালক মাঈন উদ্দিনকে হুমকি দেয়া হচ্ছে। জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘রোববার (২ মে) বিকেলে শফী হত্যা মামলার বাদী মাঈন উদ্দিন নামে এক ব্যক্তি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

জিডিতে মাঈন উদ্দিন উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে তার বাসার আশপাশে নতুন মুখ দেখা যাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেয়া হচ্ছে। তবে জিডিতে কারও নাম উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে মামলা করেন তার শ্যালক মাঈন উদ্দিন। মামলাটির তদন্ত শেষে ১২ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.