দেশে আজ গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । তিনি বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্র হরণ করেছে। আর বিএনপি ক্ষমতায় এসে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। আজ দেশে গণতন্ত্র নেই।
রোববার রাজধানীর পল্লবীতে এক ত্রাণ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির জন্ম কোথায় তা জানার দরকার নেই, তার কর্ম ভালো। ক্যান্টনমেন্টে যদি বিএনপির জন্ম হয়ে থাকে, তা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু যারা বলেন, তাদের চিন্তা ধারা এবং জন্ম কোথায়? দেশের মাটিতে নাকি ভিনদেশে, এটা জানা জরুরি। কারণ যারা শাসন করছে (আওয়ামী লীগ) তারা দেশ ও জনগণের জন্য নয়, তারা হচ্ছে অন্য দেশের তরে।
গয়েশ্বর বলেন, একটি দেশের গণতন্ত্র না থাকলে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়। তাই আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছি আমরা।
জিয়াউর রহমান জাতির ক্রান্তিকালের দূত ছিলেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তিনি হচ্ছেন আধুনিক বাংলাদেশের রূপকার। তার অসমাপ্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের নেতা খালেদা জিয়া। গত এক যুগের বেশি সময় পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, কারাবন্দি হয়েছেন তিনি। এখনও তিনি মুক্ত নয়। এজন্য সবাই তাকে মাদার অব ডেমোক্রেসি হিসেবে ডাকেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল

