ইন্ডিয়ান আইডলে কিশোর কুমার পর্ব নিয়ে বিতর্ক

ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। সম্প্রতি প্রচারিত এই অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগী থেকে শুরু করে বিচারকদের নিয়েও নানা ট্রল হচ্ছে।

মূলত, এই অনুষ্ঠানের গত পর্বে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সম্মানে তার বিভিন্ন গান পরিবেশন করেন প্রতিযোগীরা। কিন্তু দর্শকেদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, অনুষ্ঠানে আবেগ নিয়ে খেলা হয়েছে। আবার অনেকের কাছে পুরো অনুষ্ঠানটি ছিল হাস্যকর।

এই বিশেষ পর্বে অতিথি হিসেবে ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগত ভাবে তিনিও পর্বটি পছন্দ করেননি। অর্থের জন্যই সেখানে গিয়েছিলেন।

অমিত কুমার বলেন, ‘আমাকে যা বলা হয়েছিল সেটিই করেছি। সবার প্রশংসা করতে বলা হয়েছে, আমিও ভাবলাম বাবার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সেখানে পৌঁছানো মাত্রই আমাকে যা বলা হয়েছে সেটিই করেছি।’

প্রতিযোগীরা ভালোভাবে গাইতে পারছিলেন না কিন্তু তিনি কেন কিছু বলেননি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবারই তো অর্থের প্রয়োজন। আমার যা দাবি ছিল তারা আমাকে সেটি দিয়েছে। তাই কেন শো ছেড়ে চলে আসব? তবে এক এক সময় মনে হচ্ছিল পর্বটি বন্ধ করে দেওয়া দরকার। পরবর্তী সময়ে যদি তারা কিশোর কুমারকে নিয়ে কিছু করতে চায় তাহলে যেন এইভাবে পরিবেশন না হয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.