৮ বছর নিষিদ্ধ হিথ স্ট্রিক

দুর্নীতির দায়ে ৮ বছরের জন্য জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিককে নিষিদ্ধ করেছে আইসিসি। মূলত দলের আভ্যন্তরীণ তথ্য জুয়াড়িদের কাছে পাচারের অভিযোগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দিয়েছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সালে জিম্বাবুয়ে ঘরোয়া আসরের বেশ কিছু দলের দায়িত্ব পালন করে হিথ স্ট্রিক। এসময়ে বেশ কিছু ম্যাচ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত হয়। এছাড়া বিপিএল, আইপিএল ও এপিএলের কিছু ম্যাচ নিয়েও তদন্ত হয়।

আইসিসির দুর্নীতি দমন নীতিমালার ৫টি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নেয়ার পরই তাকে এ শাস্তি দেয়া হয়।

অভিযোগে বলা হয়, একজন জাতীয় দলের অধিনায়কসহ অন্তত ৪ জন ক্রিকেটারকে জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন স্ট্রিক। শুরুতে তিনি এ অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৯ সালের ২৮ মার্চ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারবেন স্ট্রিক।

খেলোয়াড়ি জীবনে বহুবারই বাংলাদেশ সফরে এসেছিলেন হিথ স্ট্রিক। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। তার সময়ে পেসারদের সাফল্যও ভালো ছিল। বিসিবি চুক্তি নবায়ন করতে চাইলেও আগ্রহ দেখাননি তিনি।

২০১৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব স্ট্রিক। তবে জিম্বাবুয়েকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হওয়ায় তাকে ছাঁটাই করা হয়। ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পান সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.