হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনায় আক্রান্ত এমপি বাদশাকে

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নেয়া হয়।

আজ বিকেল থেকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলবে। দ্বিতীয় টিকা নেয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, দুপুরে করোনা আক্রান্ত রাজশাহী-২ সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশার চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের প্রধান করা হয়-মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমানকে। ওই মেডিকেল বোর্ড বৈঠক শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে।

বৈঠক শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, এমপি ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা বর্তমানে ভালো এবং স্থিতিশীল। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৭-৯৮%, অন্যান্য রিপোর্ট স্বাভাবিক। তবে ডিডাইমার রিপোর্ট একটু অস্বাভাবিক। তাই তাকে ঢাকায় পাঠানো হলো।

এদিকে, শরীরে জ্বর অনুভূত হওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দিয়েছিলেন। বুধবার তার পজেটিভ ফলাফল আসে। পরে রাত ৮টায় তাকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হয়।

গত ৮ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিনই ফজলে হোসেন বাদশা এমপি সস্ত্রীক টিকা নেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনিই প্রথম করোনার টিকা নিয়ে রাজশাহীতে টিকা প্রদান কার্যাক্রমের উদ্বোধন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.