নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘পৌনে ছয় লাখ কোটি টাকার বাজেট হলেও সারা দেশে ডিসিদের মাধ্যমে সাড়ে ১০ কোটি টাকা বিতরণ করা হবে এমন তথ্য মানুষের কাছে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত ছিল।’
তিনি বলেন, ‘সাড়ে ১০ কোটি টাকা, তাও আবার বলছে জেলা প্রশাসকের মাধ্যমে এই সাড়ে ১০ কোটি টাকা সারা দেশে বিতরণ করা হবে। সরকার কি এতই গরীব? আপনি পৌনে ৬ লাখ কোটি টাকার বাজেট করেছেন আর গরীব মানুষকে দেয়ার জন্য ডিসির মাধ্যমে মাত্র সাড়ে ১০ কোটি টাকা দিয়েছেন!’
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে- ঘরে ঘরে খাদ্য পৌঁছাও নাগরিক প্রতিকী অবস্থান’ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘সরকার বলছে ৪৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেবে। এক বছর পার হয়ে গেছে, দিয়েছেন টাকা? ৪৬ পার্সেন্ট টাকা আগেই এই সরকারের দালাল চামচারা খেয়ে ফেলে। আর মন্ত্রী বলছেন ৭০ পার্সেন্ট টাকা তাদের কাছে গেছে।’
সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনি যে বলেছেন এক লাখ দুস্থ কৃষকদের পাঁচ হাজার টাকা করে দিবেন। তাদের কোন ডাটাবেইজ আছে? আপনি যে বলেছেন ৪৫ লাখ পরিবারকে আড়াই হাজার করে টাকা দেবেন তার কোন ডাটাবেজ আছে? যদি না থাকে তাহলে এসমস্ত ফোর টুয়েন্টি গিরি কেন করেন? এরকম করে বললে হবে না আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। আমরা জানতে চাই এই ৪৫ লাখ পরিবারকে টাকা দেওয়ার পদ্ধতি কি? সাত দিনের মধ্যে বলবেন। এছাড়া এক লাখ কৃষকদের সহায়তা করবেন সেটার পদ্ধতি কি সেটাও বলতে হবে।’
মান্না আরও বলেন, ‘এত জঘন্য একটা সরকার, যখন মানুষের জীবন নিয়ে শঙ্কা, যখন মানুষ জানে না কিভাবে তার মধ্যে করোনা ঢুকে যাবে। সেই সময় মানুষকে কিভাবে বাঁচাবে তা না করে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা সব কাজ করে বেড়াচ্ছে। ২০১৩ সালের মামলা এখন কেনো? এতোদিন কি করেছেন ২০১৩ থেকে এ পর্যন্ত? তখন খুব খাতির বানিয়েছেন। তখন ওদেরকে কি রকম কি রকম করে পক্ষে আনা যায় তার ব্যবস্থা করেছেন।’
তিনি বলেন, ‘আমি তো অভিযোগ করতে পারি এই সরকার মানুষের মূল্যবোধের প্রতি কোন সম্মান দেখায় না। কিন্তু বেধড়ক গ্রেপ্তার করছে নির্যাতন করছে।’ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে ড. রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তৃতা করেন।

