শিল্পায়ন হতে হবে সবার জন্য

অর্থনীতি সমিতির আলোচনা

শোভন সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় শিল্পের বিকাশ হতে হবে। কৃষিভিত্তিক, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্রশিল্পকে সুযোগ করে দিতে হবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরকারের নীতিপরিকল্পনায় সকল শ্রেণিপেশার মানুষের সমান অধিকার থাকতে হবে। নতুবা শোভন সমাজের পরিবর্তে আর্থসামাজিক বৈষম্য বাড়বে।

শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘শিল্পায়ন :শোভন বাংলাদেশের সন্ধানে’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাতের লেখা ‘বড় পর্দায় সমাজ অর্থনীতি রাষ্ট্র :ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন সমাজের সন্ধানে’ গ্রন্থের ওপর সিরিজ আলোচনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ওয়েবিনারের মূল বক্তা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, শোভন সমাজের জন্য প্রাকৃতিক সম্পদে সকলের সমান অধিকার নিশ্চিত করা দরকার। সকলের সমান গুরুত্ব নিশ্চিত করতে হবে। যাদের সক্ষমতা নেই, তাদের সক্ষমতা তৈরি করতে হবে। ছোটদের উঠে আসার সুযোগ করে দিতে হবে। শিল্পায়ন হতে হবে সবার জন্য। কিছু মানুষের জন্য নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিক উজ জামান বলেন, পরিবেশ সংরক্ষণে উদ্যোগ কম। পরিবেশবান্ধব শিল্পায়ন দরকার। কৃষককে নায্য মূল্য দিতে হবে। এতে কৃষকের ক্রয় ক্ষমতা বাড়বে। বাড়বে শিল্পায়ন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন খান বলেন, শোভন সমাজ প্রতিষ্ঠা করতে হলে শিল্পায়ন জরুরি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.