লন্ডন দূতাবাসে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢুকতে দেওয়া হচ্ছে না

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিন তাকে দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না জানিয়ে বলেছেন, মিয়ানমারের সামরিক অ্যাটাশে কর্মীদের ভবন ছেড়ে চলে যেতে বলেছেন এবং তিনি আর দেশটির প্রতিনিধি নন বল তাকে জানানো হয়েছে।

কেয়াও জোয়ার মিন বুধবার লন্ডনের কেন্দ্রস্থলে দূতাবাসটির বাইরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।”।

রয়টার্সকে কয়েকটি সূত্র জানিয়েছে, জোয়ার মিনের ডেপুটি মিয়ানমারের সামরিক জান্তার পক্ষ হয়ে নিজেই দায়িত্ব তুলে নিয়েছেন। এরপর থেকেই মিনকে ভবনটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঘটনা সম্পর্কে জানেন এমন চার জন কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানান, উপরাষ্ট্রদূত চিট উয়িন শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর তিন ও সামরিক অ্যাটাশে রাষ্ট্রদূতকে ভবনটিতে প্রবেশ করতে দিচ্ছেন না।

সম্প্রতি লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিন ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন এবং কারাবন্দি বেসামরিক নেত্রী অং সান সু চির মুক্তি দাবি করেন।

১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারপর থেকে শক্তিপ্রয়োগ করে গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীদের দমন করার চেষ্টা করছে তারা।

পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন জানিয়ে মিন বলেন, “লন্ডনের মাঝখানে এটা এক ধরনের অভ্যুত্থান। আপনারা দেখতে পাচ্ছেন তারা আমার ভবন দখল করে আছে।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.