লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবার খাদ্য সহায়তা পাবে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,সরকার করোনাভাইরাস ও লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে।

রোববার (১৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রমজানের ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিপন্ন মানুষের পাশে সবার আগে আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের গণতন্ত্র নিয়ে নানান কথা বলার আগে নিজ দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন কথায়,আচরণে,রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি। তিনি বলেন, হালুয়া রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না। করোনাভাইরাস রাজনৈতিক দল চেনে না, প্রতিদিনই হারাচ্ছি মূল্যবান প্রাণ,দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, এই সময়ে ওবায়দুল কাদের মনে করেন, দোষারোপের রাজনীতি নয়,নয় অন্ধসমালোচনার তীর ছোঁড়া,সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.