ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৩৫৯৬

ভারতে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৫৯৬ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ লাখ ৮ হাজার মানুষ। ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ সব তথ‌্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিল নাড়ু, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ।

গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে আজ টানা অষ্টম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখেরও বেশি।

ভারতে এখন পর্যন্ত প্রায় ১৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ‌্যমে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান চতুর্থ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.