ভারতে শ্মশান ঘাটে লাশের সারি, এ যেন আরেক মৃত্যুপুরী

সারি সারি জ্বলছে চিতা। সেই চিতার ধোঁয়া ঘন হয়ে কুণ্ডলী পাকাচ্ছে আকাশে। ভারতের উত্তরপ্রদেশে করোনা আক্রান্তদের মৃত্যুমিছিলের ‘জ্বলন্ত’ ছবি ফুটে উঠেছে এমনই এক ভাইরাল ভিডিওতে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই হু হু করে ছড়িয়েছে সংক্রমণ। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। অভিযোগ উঠেছে, সরকার যা বলছে তার সঙ্গে মিলছে না বাস্তব পরিস্থিতি। সেই দাবিরই স্বপক্ষে যেন এক প্রকট উদাহরণ হয়ে উঠেছে উত্তরপ্রদেশের লখনউয়ের ওই ভিডিও। এবার সব অভিযোগকে এড়িয়ে চলতে নতুন পদক্ষেপ নিল যোগী সরকার। শ্মশানের চারপাশ ঢেকে দেওয়ার সিদ্ধান্ত হলো নীল টিন দিয়ে। সেই সঙ্গে লিখে দেওয়া হলো এখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না। কেননা এটা করোনা আক্রান্তদের এলাকা।

এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইট করে লিখেছেন, ‘উত্তরপ্রদেশ সরকারকে একটা অনুরোধ। সময়, লোকবল, শক্তিক্ষয় করে এভাবে এই ট্র্যাজেডিকে লুকোতে চাওয়া নিরর্থক। অতিমারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন। সংক্রমণ রুখে প্রাণ বাঁচানোর চেষ্টা করুন। এটাই সময়ের দাবি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.