পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

পাবনা সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ।

নিহতরা হলেন— সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।

ওসি নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথিমধ্যে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় বালু পরিবহণ করা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। পরে গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় পালিয়ে যায় ট্রাকের চালক-হেলপার। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছ মরদেহ উদ্ধার করে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.