ডোন্ট ডিস্টার্ব আইয়ুব – পাকিস্থান পর্বে বামপন্থী রণকৌশল

ব্রিটিশের প্রতক্ষ্য শাসনের অবসান , ভারত -পাকিস্থান সৃষ্টি ১৯৪৭ সালের অগাস্ট মাসে। ১৯৪৭ এর পূর্ববর্তী দুই -আড়াই দশক বামপন্থীদের উপর ব্যাপক নিপীড়ন ছিল। উপর থেকে নিজ পর্যন্ত প্রায় সকল স্তরের নেতা কর্মীদের জেল ও আত্ম- গোপন সাংগঠনিক বিকাশকে চরম ভাবে বাধাগ্রস্থ করে রেখেছিল। বামপন্থীরা ব্যাক্তিগত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় নিপীড়নকে মোকাবেলা করলেও রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য কার্যকরী কর্মসূচী প্রণয়নে সমর্থ হয়নি।

ব্রিটিশের প্রতক্ষ্য শাসনের অবসান, ভারত – পাকিস্থান সৃষ্টি নিয়ে কোন সুনিদৃষ্ট কর্মসূচি ছিল না বামপন্থীদের। যার কারণে বৃটিশ ত্যাগের পরে রাষ্ট্র ক্ষমতার কি হবে সে বিষয়ে কোন সুস্পট বক্তব্য ছিল না। এই সিদ্বান্তহীনতা বা সিদ্বান্ত গ্রহণের অপারগতা কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতিকে শক্তিশালী করেছে। ভারত – পাকিস্থান সৃষ্ট্রির আগে ও পরে বাংলা , পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা খুনাখুনি ও ব্যাপক হারে দেশ ত্যাগের হিড়িক পড়ে। সাম্প্রদায়িক হানাহানি , সামাজিক অসহিষ্ণুতাকে ভারতীয় উপমাদেশের কোন বামপন্থী সংগঠন ন্যূনতম যোগ্যতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়নি। এই অক্ষমতাকে বিচারমূলক পর্যালোচনায় এনে পরবর্তী রাজনৈতিক কর্মসূচী গ্রহনে কমিউনিস্ট পার্টি কোন আগ্রহ দেখায়নি।

১৯৪৭ সালের আগে কমিউনিস্ট পার্টি ব্রিটিশ ভারত ভাগের পক্ষে লিখিত ভাবে স্পষ্ট মত দিয়েছে। বাংলা ও পাঞ্জাব ভাগের প্রশ্ন আলোচিত হয়েছিল এই আলোচনায়। কমিউনিস্ট পার্টির পত্রিকায় এই ব্যাপারে লেখা প্রকাশিত হয়েছিল। কমিউনিস্ট পার্টির সেই ভাবনার সঠিকতা ভিন্ন আলোচনার প্রসঙ্গ। ভারত -পাকিস্থান সৃষ্টির পর কমিউনিস্ট পার্টির প্রধান স্লোগান হয়ে দাঁড়াল ‘ লাখো ইনসান ভুখা হ্যায়। ইয়ে আজাদী ঝুটা হ্যায়। ‘ এই বক্তব্যের শাব্দিক বা দার্শনিক অর্থ যাই হোক সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে ছিল। ভারত – পাকিস্থান রাষ্ট্ স্লোগানের প্রথম অংশ  উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাদ দিয়ে প্রচারে নিয়ে এসেছিল। আর কমিউনিস্ট পার্টি সেই অপপ্রচার রুখতে ব্যর্থ হয়েছিল। আজকের বাংলাদেশ অঞ্চলে এই স্লোগান সম – সমাজবাদী আন্দোলন ও অসাম্প্রদায়িক রাজনীতির জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনল। কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক রাজনীতি ছেড়ে দিয়ে বিপ্লবের নামে সন্ত্রাসবাদের দিকে চলে যায় । চরম দমন পীড়ন ও রাষ্ট্রীয় নিপিড়নে কমিউনিস্ট পার্টি পুরোপুরি বিধস্থ হয়ে পড়ল।

পার্টির ১২/১৩ হাজার ৯৯ ভাগের বেশি পাকিস্থান ছাড়তে বাধ্য হয়েছিলেন। তৎকালীন সময়ে পার্টির অধিকাংশ নেতা কর্মী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মোহ মুক্ত মানুষ ছিলেন। কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ২০০-২৫০তে নেমে আসে। কমিউনিস্ট অধিকাংশ সদস্য ছিল শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে আসা। এই অংশের দেশ ত্যাগ হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক দেখা দেয়। শুধু হিন্দু হওয়ার কারণে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল অনেক মানুষকে। । হিন্দুদের পূর্ব বাংলা ত্যাগে বাধ্য করা শুধু সাম্প্রদায়িক রাজনীতি ছিল না। হিন্দুদের পরিত্যাক্ত সম্পত্তির উপর ভিত্তি করেই এই অঞ্চলের মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এই অঞ্চলে পাকিস্থানবাদের সামনের কাতারে অল্প সংখ্যক ক্ষয়িষ্ণু জমিদার – তালুকদার শ্রেণী। এর সাথে যুক্ত হয়েছিল পরিত্যাক্ত সম্পত্তির সুবিধাভোগী নব্য লুটেরা শ্রেণী। এই লুটেরা শ্রেণী অর্থনৈতিক সুবিধাবাদকে টিকিয়ে রাখতে ১৯৭১ সালের যুদ্ধের সময় বাংলাদেশের অভ্যুদ্বয়ের যুদ্ধের শারীরিক ও নৈতিক বিরোধীতায় নেমেছিল।

পাকিস্থান আমলে হিন্দুদের পরিত্যাক্ত সম্পত্তি দখলের আইনী বৈধতা দেওয়ার জন্য শত্রু সম্পত্তি আইন তৈরী হয়েছিল। যা এখনো সচল। ১৯৭১ সালে বাংলদেশের জন্মের পরে শত্রু সম্পত্তির বড় অংশ হাত বদল হয়েছিল নয়া শোষকদের কাছে। এর সাথে যুক্ত হয়েছিল অবাঙালীদের পরিত্যক্ত সম্পত্তি ও কারখানা কব্জার প্রতিযোগিতা। ১৯৭২ সালের পর থেকে এই শ্রেণীই বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। সরকার বদলের সাথে সাথে এই শ্রেণী কখন রাজনৈতিক আনুগত্য বদলাতে বাধ্য হয় মাত্র। বাংলাদেশের ধনিক শ্রেণীর মারমূখী লুটেরা চরিত্রের কিছুটা শত্রু ও পরিত্যক্ত সম্পত্তি জবর দখলের ঐতিহ্যয্য থেকে আসা।

ব্রিটিশ শাসনের শেষের দিলে বাংলায় অসাম্প্রদায়িক কৃষক আন্দোলন চলছিল। অধিকার আদায়ের লড়াই। চল্লিশের দশক ছিল ইংরেজ খেদানোর লড়াই, তেমনি প্রচলিত কৃষি ব্যবস্থায় জমিদার-জোতদার শ্রেণীর বিরুদ্ধে লড়াইয়ের সময় কাল। পাকিস্থান পর্বে এই আন্দোলনের ধারাবাহিকতায় নাচোলে সাঁওতাল বিদ্রোহ, রংপুর-দিনাজপুরের তেভাগার সংগ্রাম, নেত্রকোণার হাজং বিদ্রোহ, সিলেটের নানকার বিদ্রোহ হয়েছিল। এই আন্দোলন গুলির প্রধান নেতৃত্বে ছিল হিন্দু সম্প্রদায় থেকে আসা কমিউনিস্ট নেতারা। এই আন্দোলন গুলির বিকাশ ছিল অসম এবং কেন্দ্রীয় ভাবে সমন্বিত্ব কর্মসূচী বিহীন।  মুক্ত অঞ্চল গঠনের তত্ব সেই সময়েই প্রথম হাজির করেছিল কমিউনিস্ট পার্টি। সুসং দুর্গাপুর কিংবা নাচোলকে মুক্ত করে কমিউনিস্ট পার্টি কি করার পরিকল্পনা করেছিল তা অস্পষ্ট ছিল। পাকিস্থান রাষ্ট্রযন্ত্র অন্যান্য কারণ গুলির সাথে ‘ ইয়ে আজাদী ঝুটা হ্যায় ‘ কে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম হয়েছিল। এই স্লোগানকে পাকিস্থান বিরোধী ও ভারত পন্থী হিসেবে সামনে আনতে সক্ষম হয়েছিল পাকিস্থান রাষ্ট্র ।

পাকিস্থানের নিপীড়ন কমিউনিস্ট পার্টিকে ধ্বংসের মুখোমুখি নিয়ে এসেছিল। এই সময় কালে বিচার মূলক পর্যালোচনা না করে কমিউনিস্ট পার্টি নীতি পরিবর্তন করে। এইভাবেই ইয়ে আজাদী  সন্ত্রাসবাদের পতন হলো।  পঞ্চাশের দশকে সারা দুনিয়ায় সমাজতন্ত্র নিয়ে আশা-উদ্দীপনা ছিল।

ভারত ও পাকিস্থানের কমিউনিস্ট রাষ্ট্রীয় নিপীড়ণের মুখে অতি বাম বুলি থেকে সরে আসে। এর পরেই শুরু হয় কমিউনিস্ট পার্টির নির্বাচন পন্থী অবস্থান। এই সময় কমিউনিস্ট পার্টি ও RSP আওয়ামী লীগ ও অন্যান্য দলের মধ্য থেকে  রাজনীতিতে সক্রিয় থাকে। কমিউনিস্ট – সমাজতন্ত্রী হিসেবে প্রকাশ্য রাজনীতির প্রচারণা মুসলিম পাকিস্থানে ছিল না। কোন মুসলিম প্রধান দেশে সম -সমাজবাদী  আন্দোলন ও ধর্মকে রাষ্ট্র শাসন থেকে মুক্ত করার রাজনীতি  গড়ে উঠা সম্ভব হয় নাই। এই ক্ষেত্রে ধর্মের অনুশাসন বিশ্লেষণের পৃথক দাবী রাখে।

১৯৫২ থেকে ১৯৬৫ সালের মধ্যবর্তি সময়ের কমিউনিস্ট পার্টি সাংগঠনিক ভাবে ছাত্র ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ভীত গড়ে তুলতে সক্ষম হয়েছিল। কমিউনিস্ট পার্টির প্রভাবে আওয়ামী লীগ ভেঙে ন্যাপ গঠিত হয়েছিল ১৯৫৭ সালে। বামপন্থীদের সংগ্রাম থেকেই আত্ম পরিচয় ও জাতীয়তার বোধ তৈরী হয়েছিল। পূর্ব বাংলার স্বায়ত্বশাসন , স্বাধীনতার প্রশ্ন বামপন্থীদের রাজনৈতিক দাবী অগ্রসর ছিল।  এই  কারণেই নানা অত্যাচার ও নির্যাতন  ভোগ করতে হয়েছে কমিউনিস্ট পার্টির নেতা কর্মী সমর্থকদের । কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে  পাকিস্তান সংহতির শত্রু, বিদেশী গুপ্তচর, ইসলামের দুশমন ইত্যাদি অভিযোগ ব্যাপক আলোচিত বিষয় ছিল ।

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ হয়েছিল। সোভিয়েত  রাশিয়ার এই যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। এর  পর মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি অখণ্ড পাকিস্তানে বিপ্লব করার উপর জোর দিল । অন্য দিকে পাকিস্থান চীনের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের  ভিত্তিতে চীন পন্থীদের মধ্যে পাক প্রেসিডেন্ট আইয়ুব বিরোধীতা না করার মানসিকতা স্পষ্ট হয়ে উঠে।

এই সময় কালে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নানা বিতর্কে কমিউনিস্ট পার্টি ভেঙে যায়। মস্কো পন্থী  ও চীন পন্থী কমিউনিস্ট পার্টি

উভয় দেশের পররাষ্ট্র নীতি দ্বারা পরিচালিত হতে থাকে। মাত্র কয়েক বছর আগে নিজেদের অগ্রসর বক্তব্য থেকে সরে এসে মস্কো – চীনের পর রাষ্ট্র নীতির অনুসারী হয়ে পড়ে এই সংগঠন গুলি। শ্রমিক কৃষকদের মধ্যে কমিউনিস্ট পার্টির উভয় অংশের ভাল কাজ ছিল। কিন্তু এই আন্দোলন গুলো পেশা ভিত্তিক / ট্রেড ইউনিয়ন ভিত্তিক দাবী দাওয়ায় মধ্যে সীমাবদ্ধ থাকে।

 

 

অপু সারোয়ার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.