গাজীপুরে পুলিশ-মুসল্লী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র, ৭ পুলিশসহ আহত ৩০

শুক্রবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় মুসল্লীদের সাথে পুলিশের সংঘর্ষে ৭ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ জুমা চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ ময়দানের উত্তর গেট দিয়ে মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে বের হতে চাইলে পুলিশ গেট অবরুদ্ধ করে মারমুখো অবস্থান নেয়। এসময় মুসল্লীরা পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে বের হতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ব্যাপক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে সংঘর্ষে পুলিশ, পথচারীসহ অন্তত ৩০ জন আহত হন। এ কর্মসূচিতে স্থানীয় হেফাজতের দায়িত্বশীল কোনো নেতা বা এলাকার শীর্ষস্থানীয় কোনো আলেমকে দেখা যায়নি।

এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, সংঘর্ষে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনে বলেও তিনি জানান।

অপরদিকে শুক্রবার বাদ জুমা নগরীর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম আল মাদানীসহ মহানগর হেফাজত নেতারা বক্তব্য দেন। সমাবেশের আগে পুলিশ মাইক খুলে নেয় বলে অভিযোগ করেছেন মাওলানা আব্দুর রহিম আল মাদানী। এর আগে জুমার বয়ানে তিনি মুসল্লীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বলেন, হেফাজতের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও স্থানীয় প্রশাসনের নির্দেশনায় বিক্ষোভ মিছিল কর্মসূচির পরিবর্তে শুধু সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে এ দু’টি কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার বাদ জুমা প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। জুমার আগেই সকালে পুলিশ আশপাশের এলাকার ফুটপাতসহ সকল ধরনের দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং গাজীপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ, বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ প্রধান প্রদান মসজিদগুলো ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.