কিছু গণমাধ্যমের সমালোচনা ‘মনোবল ভেঙে দিচ্ছে’: স্বাস্থ্যের ডিজি

করোনা মহামারিতে সাংবাদিকদের ‘সহযোদ্ধা’ উল্লেখ করে একইসঙ্গে কিছু কিছু গণমাধ্যমের সমালোচনা স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের ‘মনোবল ভেঙে দিচ্ছে’ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস মহামারিতে আমাদের চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় কিছু কিছু গণমাধ্যমের সমালোচনা আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।’

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. খুরশীদ আলম বলেন, ‘করোনা মহামারিতে সাংবাদিকদের আমরা শুরু থেকেই সহযোদ্ধা হিসেবে দেখেছি। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে এই সময়েও কিছু কিছু মিডিয়া সমালোচনার মাধ্যমে আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।’

স্বাস্থ্যের ডিজি বলেন, ‘আমরা যদি ভুল করে থাকি তাহলে সমালোচনা হওয়াটা স্বাভাবিক। তবে কেউ যদি না জেনে না বুঝে বিস্তারিত খোঁজ না নিয়ে সমালোচনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে তাহলে আমরা ঠিক থাকতে পারি না।’

এসময় তিনি মানুষকে বিভ্রান্ত না করে করোনার এই কঠিন সময়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রতিটি স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীদের পাশে দাঁড়াতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।

ডা. খুরশীদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় আমরা কাজ করছি। আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুল হতেই পারে। ভুল ধরিয়ে দিলে সেটা আমরা শুধরে নিতে পারবো। কিন্তু সমালোচনা না করে এ অবস্থায় আমাদের পাশে দাঁড়ানো উচিত।’

তিনি বসুন্ধরার করোনা হাসপাতাল তৈরি, সেটি উঠিয়ে নেয়া এবং সেখানকার যন্ত্রপাতি এমনকি একটি টিস্যু পেপার বক্স কোথায় দেয়া হয়েছে, সে তালিকাও রয়েছে বলে জানান স্বাস্থ্যের ডিজি।

ব্যয়ভার বহন করা কঠিন ছিল বিধায় বাধ্য হয়েই হাসপাতালটি বন্ধ করা হয় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন, অধিদফতরের মুখপাত্র ও রোগতত্ত্ব বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধিদফতরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.