করোনার বিরূপ বাস্তবতায় সিয়াম সাধনার মাস শুরু

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

বুধবার (১৪ এপ্রিল) থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হয়েছে।

মহামারি করোনার সংক্রমণ রোধে বিশেষ বিধিনিষেধ অনুযায়ী মসজিদগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল এশার নামাজের পর প্রথম তারাবির জামাত আদায় করা হয়। এরপর শেষ রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র এই মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দিবাভাগে পানাহার না করে সংযমের মাধ্যমে আত্মশুদ্ধি করে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ কামনা করবেন মুসলিম সম্প্রদায়।

গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির রমজানের চাঁদ দেখার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বুধবার থেকে রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এদিকে করোনা সংক্রমণ মোকাবিলায় আজ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক লকডাউন চলবে। করোনার এই সময়ে মসজিদে প্রতি ওয়াক্তে নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন বলে এক নির্দেশনায় জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪ এপ্রিল থেকে এ নির্দেশনা বলবৎ থাকবে।

গেল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, মসজিদে ৫ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন।

সেখানে মুসল্লিদের পবিত্র রমজান মাসে তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার রহমত ও বিপদমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.