আ.লীগকে ‘গণতান্ত্রিক দল’ বলার কোনও অধিকার নেই: ফখরুল

আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের ওপর ভর করে টিকা থাকা গণবিচ্ছিন্ন আওয়ামী লীগকে আর ‘গণতান্ত্রিক দল’ বলার কোনও অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার ও আওয়ামী লীগের গণতন্ত্রের সাথে কোনও সম্পর্ক নেই। আওয়ামী লীগ এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হেয়ে গেছে। তাই তাদেরকে রাষ্ট্রযন্ত্রের ওপরে ভর করে রাজনীতি করতে হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে। তাদেরকে রাজনীতি করতে হচ্ছে বিচার বিভাগকে দলীয়করণ করে। তাদেরকে রাজনীতি করতে হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে। সেক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেবদের আওয়ামী লীগকে আর ‘গণতান্ত্রিক দল’ বলার কোনও অধিকার নেই। তারা যেটা বলছেন, সেটা ভুতের মুখে রাম রাম।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন একা একা কথা বলেন। তিনি বোঝাতে চান যে গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক তারাই। গতকাল (রবিবার) তিনি বলেছেন, আমাদের নিজেদের দলে গণতন্ত্র নেই, আমরা আবার কীসের গণতন্ত্র চাই। বিষয়টা সেটা না, বিষয়টা হলো আপনারা গণতন্ত্রকে কোনও জায়গায় নিয়ে গেছেন। গত ১০ বছর অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছেন।’

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফখরুল আরও বলেন, ‘আপনারা ২০১৪ সালের নির্বাচন করেছেন সম্পূর্ণ একতরফাভাবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে সেই নির্বাচনে কোনও বিরোধীদল বিএনপি গণফোরামসহ কেউ অংশ নেয়নি। আমরা ওই নির্বাচন বর্জন করেছিলাম। কারণ বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে সেই নির্বাচন করা হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ১৫৪ জনকে বিনাভোটে নির্বাচিত করে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। একইভাবে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ৩০০ আসনেই তারা ডাকাতি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেরা ফলাফল ঘোষণা করেছেন।’

‘সুতরাং আপনাদের আর আওয়ামী লীগকে ‘গণতান্ত্রিক দল’ বলার কোনও অধিকার নেই’- কাদেরকে বলেন ফখরুল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.