নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুগ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার ১২ আসামিকে মুজাক্কির হত্যায় শোন অ্যারেস্টের আবেদন করে আদালতে হাজির করা হয়েছে।
আদালত তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২-এর বিচারক এসএম মোসলেহউদ্দিন মিজান এ নির্দেশ দেন।
আসামিরা হলো— ইউসুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আবদুল আমিন, আজিজুল হক মানিক, মোশারফ হোসেন, সুজায়েত উল্যা সবুজ, বিক্রম চন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান ও সেলিম।
আদালত সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ১২ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ সময় গ্রেফতারকৃতদের সাংবাদিক মুজাক্কির হত্যায় শোন অ্যারেস্টের আবেদন করে পিবিআই। দুপুরে শুনানি শেষে আদালত তাদের শোন অ্যঅরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত গত ৯ মার্চ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক অটোরিকশাচালক নিহত হন।
এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকালে উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ গুলিবিদ্ধ অর্ধশতাধিক আহত হন।
পর দিন শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মুজাক্কির।
এ ঘটনায় নিহতের বাবা নুরুল হুদা মো. নোয়াব আলী বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই দিন মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। এ মামলায় বসুরহাট বাজারে অভিযান চালিয়ে গত ৭ মার্চ বেলাল হোসেন প্রকাশ পাঙ্খা বেলালকে গ্রেফতার করে পিবিআই।

