রাজধানীতে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপির ঢাকা মহানগর উত্তর রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে বুধবার (১০ মার্চ) বেলা আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৯ মার্চ) ডিএমপির কমিশনারের পক্ষে যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির ঢাকা মহানগর উত্তরকে সমাবেশের এই অনুমতি দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর’র নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান না করাসহ ২৩ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করবে বিএনপি।

এর আগে, গত ৭ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায় দলটি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি ২৩টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক জানান, সমাবেশ পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএফএম আবদুল আলিম নকি। কর্মসূচি সফলের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজধানীতে তেমন বড় কোনো কর্মসূচি ছিল না বিএনপির। এছাড়া করোনাকালে তারা বিক্ষোভ সমাবেশসহ শুধু সাংগঠনিক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সমাবেশের মাধ্যেমে রাজধানীতে বড় শোডাউন করতে চায় মহানগর বিএনপি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.