রাজধানীতে হত‌্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় ১৩ বছর আগের আলেক মিয়া হত্যা মামলায় আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, আলাল উদ্দিন, জয়নাল আবেদীন, আ. রাজ্জাক, আ. সাত্তার, আ. জব্বার, আউয়াল মিয়া ওরফে আউয়াল, সমর আলী ওরফে সমর এবং তমিজ উদ্দিন ওরফে তমু। তাদের প্রত‌্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সোহেল ওরফে সোহেল রানা, সোহরাব মিয়া ওরফে সোহরাব, বাবুল মিয়া ওরফে বাবুল ও ফিরোজ মিয়াকে পৃথক দুই ধারায় দেড় বছর কারাদণ্ড দেন আদালত। আব্দুল বারেক, মোস্তফা ও ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৫ জুন তুরাগ থানাধীন নলভোগ গ্রামের আলেক মিয়ার বাড়িতে গিয়ে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আলেক মিয়াকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন আলেক মিয়ার ছোটভাই হাজী মো. রমজান আলী তুরাগ থানায় মামলা করেন।

ওই বছরের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মিজানুর রহমান। এরপর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলার প্রথম ১০ আসামির বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ এবং পরের ৫ আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে চার্জ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ২৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলায় আসামিদের পক্ষে ৩ জন সাফাই সাক্ষ্য দেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.