চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি কক্সবাজার মুখি ছিল। এসময় হঠাৎ করে বিপরীতমুখী দুই গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
শনিবার (২০ মার্চ) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওবায়দুল হক (৩০) ও মো. নোমান (২২)। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তারা দু’জন সম্পর্কে নিকটাত্মীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
দোহাজারি হাইওয়ে থানার পরিদর্শক আব্দুর রব জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল নিয়ে দু’জন যাচ্ছিলেন লোহাগাড়ার দিকে। বিপরীতমুখী দুই গাড়ির মধ্যে সংঘর্ষের দু’জন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর পুশিল ঘাতক মাইক্রোবাসটি কে আটক করতে পারলেও ঘাতক চালক পালিয়ে যায়।
অপরদিকে চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকত এলাকায় সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ আসিফ নামে (১৭) নামে আরেক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় । মোটর সাইকেল নিয়ে চন্দনাইশ থেকে পারকী সৈকতে বেড়াতে আসেন আসিফ।
এসময় একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সকাল সোয়া ১১টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়েছে। নিহত মো. আসিফ (১৭) চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার আবুল কালামের পুত্র।

