বগুড়ায় খাতা-কলমের ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৩) হত্যা মামলার রায়ে ছয়জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইসরাত জাহান এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পলাতক আতিকুর রহমান আতিক (৩২), আবু বক্কর সিদ্দিক (৩৮), সাজ্জাদ হোসেন (৪০), আব্দুল হাই ওরফে দুলাল (৪০), বক্কর সরকার (৩২) এবং আব্দুর রাজ্জাক (৩৭)। আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আদালত ও কাহালু থানায় দায়ের করা হত্যা মামলা সূত্রে জানা যায়, বগুড়া শহরের তালুকদার নিউ মার্কেটের খাতা-কলমের দোকান ছিল শহিদুল ইসলামের। ২০০৯ সালের ২ মার্চ ব্যবসা শেষে তিনি রাত ১০টার দিকে বিবির পুকুর এলাকায় আসার পর নিখোঁজ হন। পরদিন ৩ মার্চ দুপুরে বিবির পুকুর এলাকার একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে শহিদুল ইসলামের লাশ উদ্ধার হয়।
লাশ উদ্ধারের ঘটনায় নিহত শহিদুলের ভগ্নিপতি আব্দুল করিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওই আসামিদের গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়। আসামিরা শহিদুলকে হত্যা করে লাশ গুম করার ঘটনা স্বীকার করেন।
তদন্ত শেষে কাহালু থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ইলিয়াস ছয়জন আসামিকে অভিযুক্ত করে ২০০৯ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার বিকেলে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় এক নম্বর আসামি আতিক বাদে বাকি পাঁচজন আসামি উপস্থিত ছিলেন।

