বিএনপি কেবল হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করেছিল: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করেছিল৷ বর্তমানে আওয়ামী লীগ সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সোমবার (১৫ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে৷ তাদের প্রশ্ন করতে চাই শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিলো? ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালিয়ে ছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল’ল এর আতুড়ঘরে। মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল৷ সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল। বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.