জামালপুরে স্বামী-স্ত্রী আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় স্ত্রীর পরে এবার স্বামীও মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি হলেন জামালপুর পৌর শহরের রশিদপুরের বেলাল হোসেনের ছেলে মো. ইকরামুল হোসেন (৩২)। তিনি পেশায় একজন পেট্রোল ব্যবসায়ী ছিলেন। এর আগে গত রোববার আগুন লেগে ঘটনাস্থলেই পুড়ে মারা যান তার স্ত্রী শিপ্রা খাতুন (২১)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ইকরামুলের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে তিনি মারা যান।
জামালপুর সদর থানার পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ঘরে থাকা পেট্রোলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই ইকরামুলের স্ত্রী মারা যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে পাঠানো হয়।

