২০২১ নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটি ২২/১, তোপখানা রোড, ঢাকা। আজ ১২ মার্চ ২০২১ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সাবেক সিভিল সার্জন, কুষ্টিয়া জেলা ড্যাবের সাবেক সভাপতি, কুষ্টিয়া বিএমএ এর সাবেক সেক্রেটারি ডা. আব্দুল হান্নান এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, কুষ্টিয়া জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব ইবাদত আলী, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান সহ ২০ জন নেতাকর্মী নাগরিক ঐক্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নতুনদের ফুল দিয়ে স্বাগত জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে ডা. হান্নানকে আহ্বায়ক, এবং এবাদত আলীকে সদস্য সচিব করে নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেন তিনি। ডা. হান্নান তার বক্তৃতায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে মুশতাক, আবরার সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরন করেন। তিনি বলেন, এই সরকার বিনা বিচারে মাহমুদুর রহমান মান্নাকে ২ বছর কারারুদ্ধ করে রেখেছিল। কিন্তু তারপরও তাঁকে দমাতে পারেনি।
মাহমুদুর রহমান মান্নাকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে স্ফুলিঙ্গ আখ্যা দিয়ে তিনি বলেন, এই স্ফুলিঙ্গ আজ সারা দেশে ছড়িয়ে পড়ছে। ডা. হান্নান বলেন, আমরা এই স্ফুলিঙ্গ থেকে সাহস সঞ্চয় করে আগামী দিনে সকল স্বৈরাচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক নির্বাচিত করায় তিনি দলের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনাব এবাদাত আলী বলেন মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের একমাত্র নেতা যিনি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত। তিনি বলেন দেশকে আরেকবার মুক্ত করতে, গণতন্ত্র উদ্ধার করতে, মানুষের বাক স্বাধীনতা, ভোট দেবার অধিকার, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে মাহমুদুর রহমান মান্নাই এখন দেশের মানুষের ভরসার শেষ আশ্রয়।
সদ্য ঘোষিত কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির সদস্য, হাবিবুর রহমান দলের আগামী দিনের এগিয়ে চলার পথে একনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না’র যোগ্য নেতৃত্বই দেশের মানুষকে অবৈধ, স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা করতে পারে। নাগরিক ঐক্যকে শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করবেন বলে ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না নতুনদের সাথে উপস্থিত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের নামে সরকার যেভাবে দুর্নীতি করে নিজেরা অবৈধ অর্থের পাহাড় বানিয়েছে, তার বিপক্ষে লড়তে সারা দেশের ভালো মানুষদের এক হতে হবে। ভালো মানুষদের একত্র করে দেশকে ইতিবাচক পরিবর্তনের পথে আনতে নাগরিক ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক এস এম এ কবীর হাসান

