কিশোরগঞ্জে হরতাল চলাকালে আওয়ামী লীগ অফিস ভাঙচুর

কিশোরগঞ্জে স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আজ রোববার দুপুরে হামলা চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
কিশোরগঞ্জে হরতাল চলাকালে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও হেফাজতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হেফাজতে ইসলামের কয়েকশ নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিট ভাঙচুর শেষে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগের কিছু কর্মী তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজনকে ধরে বেদম প্রহার করে।

এ ছাড়া দফায় দফায় আওয়ামী লীগ ও হেফাজতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

হরতাল চলাকালে কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি জেলা শহরের স্টেশন রোড এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে শহরের বেশির ভাগ অংশে পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.