আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন চ্যানেলের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ মার্চ) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মুরসাল হাকিমি (২৫), সাদিয়া (২০) ও শানাজ (২০)।

বিবিসির খবরে বলা হয়েছে, দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই তিন সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ‌্যে। পরিকল্পিতভাবে তাদের হত‌্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারী সাংবাদিক আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। এনিকাস টিভি স্টেশনের প্রধান জালমাই লতিফি জানিয়েছেন, সম্প্রতি ডাবিং বিভাগে যোগদান করেছিলেন ওই তিন নারী কর্মী। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদের গুলি করে হত্যা করা হয়।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুরসাল ওয়াহিদি নামের এক নারী কর্মী বাড়ি ফেরার পথে বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে। বাকি দু’জন হলেন শাহনাজ এবং সাদিয়া। তারা পৃথক হামলায় নিহত হয়েছেন। ওই নারী কর্মীরাও বাড়ি ফেরার পথেই তাদের ওপর হামলা চালানো হয়। এএফপিকে জালমাই লাতিফি বলেন, ‘তাদের সবার মৃত্যু হয়েছে। তারা কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।’ এক মুখপাত্র জানিয়েছেন, হামলার ঘটনায় আহত এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ইনিকাস টিভি স্টেশন জানিয়েছে, তাদের ১০ জন নারী কর্মী আছে। এর আগে গত ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ নামে এক সংবাদ উপস্থাপিকা নিহত হন। এ পর্যন্ত তাদের চারজন নারী কর্মী নিহত হয়েছেন। এদিকে, গত মাসেই রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে হত্যা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.