অগ্নিদগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থাও আশঙ্কাজনক

জামালপুরের রশিদপুরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ওই গৃহবধূর স্বামীও দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর নাম শিপ্রা বেগম (২২)। রশিদপুর গ্রামের শুভ্র মিয়া (৩০) তার স্বামী।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ওই গৃহবধূর ভাড়া বাসার রান্নাঘরে আগুন লেগে থাকার ঘরসহ সমস্ত আসবাব ভস্মীভূত হয়। তারা স্বামী-স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান নিয়ে এক বছর ধরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, শুভ্র রশিদপুর বাজারে মনিহারি দোকানে খুচরা পেট্রল বিক্রি করতেন। সেই পেট্রলের কয়েকটি ছোট ড্রাম রান্নাঘরে মজুদ ছিল। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র মেয়েটি পাশের দাদাবাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্রলের ড্রামে আগুন লেগে রান্নাঘর ও থাকার ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ। দগ্ধ অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আ. রাজ্জাক জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন রান্নাঘরে মজুদ রাখা পেট্রলের ড্রামে লাগলে মুহূর্তেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.