মিয়ানমারকে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

নির্বাচিত প্রতিনিধিদে গ্রেফতার ও সামরিক অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হুমকি দিয়েছেন। 

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটকের মধ্য দিয়ে সোমবার দেশটিতে সামরিক অভ্যুত্থান করেছে সেনাবাহিনী।  সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর সেনাবাহিনী এক বছরের জরুরি অবস্থা জারি করেছে।

সোমবার সকালেই মিয়ানমারের নেতাদের আটকের পর হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলে, সু চিসহ অন্যদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ বিষয়ে গতকাল বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপগুলোর ব্যত্যয় ঘটলে মিয়ানমারের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিলেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, জনগণের ইচ্ছার ওপর কখনো শক্তি প্রয়োগ করা উচিত নয়। বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফল নিশ্চিহ্নের চেষ্টাও করা উচিত নয়।

গণতান্ত্রিক উত্তরণের পরিপ্রেক্ষিতে গত এক দশকে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। কিন্তু মিয়ানমার ফের সামরিক শাসনে ফেরায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে জো বাইডেন বলেছেন, নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা হবে। বিশ্বে যেখানেই গণতন্ত্র আক্রমণের শিকার হবে, সেখানেই তার (গণতন্ত্র) পক্ষে দাঁড়াবে যুক্তরাষ্ট্র।

প্রায় অর্ধশতাব্দী ধরে সামরিক শাসন চলা মিয়ানমার ২০১৫ সালের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সুবাস পেতে শুরু করে। গত নভেম্বরের নির্বাচনে সেটা কিছুটা ভিত্তি পায়। কিন্তু আবারও সামরিক জান্তার কবলে চলে গেল দেশটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.