বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (২১ ফেব্রুয়ারি) তাদের দুই দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- মশিউর রহমান, রাকিবুল হাসান, তারিকুল, আবুল হোসেন, সাফায়াত হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সালমান হোসেন ও রাসেল।

এদের মধ্যে প্রথম ৫ জন শাহবাগ থানা ও পরে ৪ জন রমনা থানার মামলার আসামি। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ ডাকে বিএনপি। ওইদিন প্রেসক্লাবের সামনে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় পুলিশ রমনা থানা ও শাহবাগ থানায় পৃথক দুইটি মামলা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.