গেল বছরের ৩০ এপ্রিল সকালটা ছিল বলিউড অঙ্গনের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ওইদিন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। ঠিক তার একদিন আগেই মারা গিয়েছিলেন আরেক বলিউড অভিনেতা ইরফান খান। একদিনের ব্যবধানে দুই শক্তিমান অভিনেতাকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে গিয়েছিল গোটা বলিউড।
এবার বলিউডের কাপুর পরিবারে নতুন শোক সংবাদ। চলে গেলেন ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই বলিউড অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে রাজীব কাপুর পৃথিবীর মায়া ত্যাগ করেন।
‘রাম তেরি গঙ্গা মৈরি’, ‘এক জান হ্যায় হাম’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন রাজীব। রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবির মধ্য দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন।
রাজীব কাপুর অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেমগ্রন্থ’ ছবির পরিচালক ছিলেন তিনি।
‘লাভার বয়’, ‘আসমান’, ‘নাগ নাগিন’, ‘মেরা সাথী’, ‘জবরদস্ত’ রাজীব কাপুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।

