দিল্লিতে ঢুকতে গেলে কোভিড নেগেটিভ হতে হবে

দিল্লিতে ঢুকতে গেলে যাত্রীদের কোভিড রিপোর্ট নেগেটিভ হতে হবে। পাঁচ রাজ্যের বাসিন্দাদের জন্য এই নির্দেশিকা জারি করল অরবিন্দ কেজরীবালের সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) মধ্যরাত থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে বলে প্রশাসন সূত্রে খবর। এই রাজ্যগুলো হল মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, ছত্তীসগঢ় এবং পঞ্জাব। এই নির্দেশিকা প্রযোজ্য হবে ওই পাঁচ রাজ্যগুলি থেকে আসা ট্রেন, বিমান এবং বাসযাত্রীদের ক্ষেত্রে। ১৫ মার্চ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

গত কয়েক দিন ধরে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, ছত্তীসগঢ় এবং পঞ্জাবে উদ্বেগজনক ভাবে কোভিড সংক্রমণ বাড়ছে। যা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোও। কেন হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করল তা নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মহারাষ্ট্র এবং কেরলে শুরু হয়েছে ‘জিনোম সিকোয়েন্সিং’। শুধু তাই নয়, একেবারে তৃণমূল স্তরে গিয়ে সংক্রমণ বৃদ্ধির কারণের খোঁজ চালাচ্ছে রাজ্য প্রশাসনগুলো। নতুন প্রজাতি এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী, এমন তত্ত্ব সামনে এলেও কেন্দ্র কিন্তু এখনই তাতে সিলমোহর দিতে চাইছে না।

কিন্তু তাতেও উদ্বেগ কমছে না। নতুন প্রজাতি নিয়ে এই উদ্বেগের মধ্যেই পাঁচ রাজ্যের সংক্রমণ বৃদ্ধি সেই উদ্বেগকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, দেশে মোট করোনা সংক্রমণের ৮৬ শতাংশই এই পাঁচ রাজ্য থেকে। দিল্লিতে সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পাঁচ রাজ্যে বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই দিল্লি সরকারের এই সিদ্ধান্ত বলেই সূত্রের খবর। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.