ডাকাতির ভোট করা বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে: কাদের

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘৯৬ সালের এই দিনে ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রহসন। সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।’

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জনগণের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে শুরু করে। শত শহীদের রক্তের অক্ষরে লেখা তিন জোটের রূপরেখা বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি শহীদের রক্তের সাথে বেঈমানী করে।’

বিএনপি দিনের আলোতে রাতের আঁধার দেখতে পায়, তাই তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার, আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও সুদৃঢ় ঐক্যবদ্ধ করতে ঢাকা মহানগরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন হচ্ছে ঢাকা মহানগর। তাই এই ইঞ্জিনকে সচল রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের তৃণমূল থেকে থানা পর্যায়ের সব কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘরে বসে কোনো কমিটি করা যাবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.