ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাসটি যশোর থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে বারোবাজার পেট্রলপাম্পের সামনে জেকে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এছাড়া, আহত হন বাসের প্রায় সব যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

