জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত ৩

আফ্রিকার মধ্যাঞ্চলীয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘের গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও, তার দেহরক্ষী এবং জাতিসংঘ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একজন গাড়িচালকের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয়। নিহতদের মধ্যে ইতালির একজন সেনা ও কঙ্গোর এক পুলিশও রয়েছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে ইতালি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা তাদের গাড়িতে গুলি ছুড়লে প্রাণ হারান রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। জাতিসংঘ কর্মকর্তাদের অপহরণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় গণমাধ্যমগুলো।

তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.