আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিটের শুনানি আজ

বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন করে ব্যাপক আলোচনায় আসা কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধের আদেশ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর করা রিট আবেদনের শুনানি হবে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি)।

গতকাল মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ তারিখ ধার্য করেন। গতকালই রিটের শুনানির কথা ছিল। এ প্রেক্ষিতে রিটকারীর কৌঁসুলি ব্যারিস্টার এনামুল কবীর ইমন বিকেল সোয়া ৪টার দিকে শুনানির বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। আদাল তখন শুনানির পরবর্তী সময় নির্ধারণ করেন।

এ সময় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ভার্চুয়াল বেঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। আজকের শুনানিতে বিটিআরসি’র পক্ষে অ্যাডভোকেট খন্দকার রেজা-ই-রাকিব যুক্ত হবেন বলে জানা গেছে।

গত সোমবার বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে এ রিট করা হয়। রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে কাতারভিত্তিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’। প্রতিবেদনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়। সরকারিভাবে এ প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে আল জাজিরা টিভি নেটওয়ার্কের ওই প্রতিবেদনটিকে অসত্য-বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, আল জাজিরায় প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনটির তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সদরদফতর। প্রতিবাদে বলা হয়, আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.