সপ্তাহে করোনায় মৃত্যু লাখ ছাড়াতে পারে: ডব্লিউএইচও

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। ইতিমধ্যে শনাক্ত সাড়ে ৯ কোটি ও মৃত্যু ২০ লাখ ছাড়িয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির সব খাতই চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন। এই অবস্থায় ভয়ঙ্কর এক দুঃসংবাদ নিয়ে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, সামনের দিনগুলোতে করোনাভাইরাসে প্রতি সপ্তাহে বিশ্বে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ।

বিশ্বের মহামারি পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে সংস্থাটির ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান সোমবার জেনেভায় ডব্লিউএইচওর নির্বাহী পর্ষদের সভায় এই আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণে গত সপ্তাহে পুরো বিশ্বে ৯৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে যেসব মৃত্যু ঘটছে, তার ৪৭ শতাংশ হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়।

ইউরোপে নতুন সংক্রমণ ও মৃত্যুর হার একটি পর্যায়ে এসে স্থিতিশীল হতে শুরু করলেও এখন সেই হার অনেক বেশি। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং একেক জায়গায় তা একেক রকম। ভাইরাসের অতি সংক্রামক কিছু নতুন ধরন পরিস্থিতি আরও জটিল করে তুলছে, যোগ করেন মাইক রায়ান।

গত শুক্রবার বিশ্বে করোনাভাইরাসে মৃত্যর সংখ্যা ২০ লাখ পেরিয়ে যায়। এর পরের তিন দিনেই আরও ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৯ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ১০ লাখে পৌঁছাতে লেগেছিল নয় মাস। এরপর তা দ্বিগুণ হতে চার মাসও লাগেনি। এখন প্রতিদিন গড়ে ১১ হাজার ৯০০ মানুষের প্রাণ নিচ্ছে করোনাভাইরাস; প্রতি ৮ সেকেন্ডে মৃত্যু হচ্ছে একজনের।

আগামী ১ এপ্রিলের মধ্যে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছাতে পারে ২৯ লাখে, এমনটাই বলছে ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের এক পূর্বাভাস । যদিও বিষয়টি অনেকাংশে নির্ভর করবে অতি সংক্রামক নতুন ধরনগুলো কত দ্রুত ছড়াচ্ছে তার ওপর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.