শ্যামলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম ইজাজুল (২৪)। এসময় ট্রাকচালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার ফারুক মুক্তি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির চালক পালিয়ে গেলেও চালকের সহযোগীকে আটক করা হয়েছে।’

এসআই মুক্তি আরও বলেন, ‘মঙ্গলবার রাতে শ্যামলী ফুটওভার ব্রিজের পাশে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক দুটি সিএনজি, মোটরসাইকেল ও দুটি রিকশাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.