পাকিস্তানে ১১ খনি শ্রমিককে অপহরণের পর হত্যা

পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দেশটির জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। গত শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে কয়লা খনির কাছেই তাদের হত্যা করে জঙ্গিরা। ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবদেনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে এ হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল। সশস্ত্র জঙ্গিরা শ্রমিকদের অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

এই হামলাকে ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। প্রত্যেকের দুটো হাত একসঙ্গে বাঁধা ছিল।

এদিকে, ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মৃতদেহগুলো প্রধান রাস্তায় মধ্যে ফেলে অবরোধ করে রাখে। কর্মকর্তারা দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থীদের হামলার মুখে পড়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.