নির্ধারিত সময় এলেই টিকা নেব : অর্থমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নির্ধারিত সময় এলেই নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের জন্য আমার নির্ধারিত সময় কখন আসবে আমি এখনও জানি না, যেদিন আসবে আমি নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।’

আজ বুধবার বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে, আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন প্রথমে টিকা নিতে চান, আপনি কবে টিকা নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি একা নিলেই তো হবে না। আমি এখনো সবার আগে টিকা নিতে চাই। যেদিন নেব সেদিন আমি সবার আগে থাকব এটা আশ্বস্ত করতে পারি।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সমাজের বিভিন্ন এলাকা ধরে আমরা এগুলো (টিকা) বিতরণ করব, সেভাবেই এগোচ্ছে। সেজন্য বিভিন্ন ক্রাইটেরিয়া এবং বিভিন্ন বয়স বিবেচনায় নিয়ে এগুলো করা হবে। আমার জন্য নির্ধারিত সময় কখন আসবে আমি এখনো জানি না, যেদিন আসবে আমি নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।’

এর আগে গত ২১ জানুয়ারি অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদকদের ব্রিফিংকালে করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী।

তখন তিনি বলেন, ‘সরকার যেখান থেকেই ভ্যাকসিন আনুক সবার আগে আমি ভ্যাকসিন নেব। সরকার যেটা আনবে সেটাই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমি বয়স্ক আমার লাগবে। সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। আমি যা বলেছি, সেটার কোনো ব্যত্যয় ঘটে কিনা দেখবেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.