কর্মবিরতি প্রত্যাহার করলেন নৌশ্রমিকরা

রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা।

আজ সোমবার রাত ৮টার দিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য জানান। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা বিক্ষুব্ধ শ্রমিকদের আহ্বান করছি তারা যেন এখনই কাজে যোগদান করেন। যাত্রীরা যেন আর ভোগান্তির শিকার না হন।’

এর আগে আজ সকালে ঢাকার মেরিন আদালতে দুই লঞ্চমাস্টারের জামিন বাতিল হয়। এর প্রতিবাদে দুপুরে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। শ্রমিকরা যাত্রীবাহী লঞ্চগুলো পল্টুন থেকে সরিয়ে মাঝ নদীতে ও নদীর অপরপ্রান্তে নোঙর করে রাখেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার একিন আলী জানান, গত বছর শীত মৌসুমে ঘন কুয়াশায় মেঘনা নদীতে দিক হারিয়ে ঢাকা-বরিশাল নৌপথের যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ধাক্কা লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।দুর্ঘটনায় হতাহতও হয়নি কেউ। এ ঘটনায় দুটি লঞ্চের চার মাস্টারের সনদ স্থগিত করে তাদের বিরুদ্ধে মেরিন আদালতে মামলা করা হয়।

আজ সকালে ওই দুই লঞ্চের মাস্টার জামাল হোসেন ও রুহুল আমিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করেন। ফলে দূরপাল্লার বেশিরভাগ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়েন দুর্ভোগে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.