ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত ৬৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’ গত ২৪ ঘণ্টায় ভূমিকম্পের কারণে অন্তত তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলেও তিনি জানান।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থাও প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল। ৭ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে যায়। সুনামি হওয়ার আশঙ্কা নেই, তাই এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি বলেও জানায় সংস্থাটি।
এর আগে গতকাল বৃহস্পতিবার একই স্থানে ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ সময়ও কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
২০১৮ সালে সুলাওয়েশি দ্বীপের পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি হয়। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

