আজ মিরপুর মুক্ত দিবস। বিজয়ের ৪৬ দিন পর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ’৭২ সালের এদিন মুক্ত হয় রাজধানীর মিরপুর। একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তখনও রাজধানী ঢাকার মিরপুর ছিল রাজাকার-আলবদর-বিহারিদের অভয়ারণ্য। অনেকটা অবরুদ্ধ রেখে মিরপুর নিয়ন্ত্রণ করছিল তারা। অবাধে বাঙালি নির্যাতন আর হত্যার জন্য পুরো মিরপুর ছিল পাকিস্তানিদের কাছে জল্লাদখানা। সেখানে বসবাসরত বিহারি, পাকিস্তানি সেনাবাহিনীর কিছু সৈন্য, সঙ্গে দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা মিরপুরকে দখল করে রেখে বাঙালি হত্যাকাণ্ড চালায়। মিরপুরে তখন প্রায় এক ব্রিগেড পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে গড়া হয় স্বাধীন বাংলাদেশের ভেতর এক পরাধীন বাংলা।
মুক্তিযোদ্ধারা একাধিকবার মিরপুরে প্রবেশ করতে চাইলেও মিত্রবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী শত্রুশক্তি অনুমান করে তাদের বিরত রাখে। মিরপুরে মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১-এর মার্চের প্রথম সপ্তাহে। এই সময়ে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও বিহারি সৃষ্ট বধ্যভূমিগুলোর মধ্যে অন্যতম হলো বাঙ্লা কলেজ বধ্যভূমি, জল্লাদখানা বধ্যভূমি, মুসলিমবাজার বধ্যভূমি, শিয়ালবাড়ি বধ্যভূমি। অবরুদ্ধ মিরপুরকে মুক্ত করতে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা কয়েকবার অপারেশন পরিচালনা করেও ব্যর্থ হন। মুক্তিযুদ্ধকালে মোহাম্মদপুর ও মিরপুর থানার গেরিলা কমান্ডার (মামা গ্রুপ) ছিলেন শহীদুল হক (মামা)। মিরপুর মুক্ত করার কৌশল নির্ধারণের জন্য ১৯৭২ সালের ৬ জানুয়ারি ২ নম্বর সেক্টরের কমান্ডার শহীদ কর্নেল এটিএম হায়দার বীর উত্তম ও শহীদুল হকের নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ ডিসেম্বর ১৯৭১ বিহারি কর্তৃক লুণ্ঠিত মালামাল বেচাকেনার বাজারটি (মিরপুর ৬ নম্বর সেকশন) গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ২৯ জানুয়ারি শহীদুল হক মামার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। কিন্তু আত্মগোপনকারী পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এ-দেশীয় দোসর বিহারি ও রাজাকারদের হাতে থাকা প্রচুর পরিমাণ গোলাবারুদ ও ভারী অস্ত্রের কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেনি মুক্তিযোদ্ধারা। ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সব মুক্তিযোদ্ধা তার কাছে থাকা অস্ত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাকিস্তানিদের অস্ত্র সমর্পণ করার ঘোষণা দিলেও তারা তখন মাইকে ঘোষণারত পুলিশ সদস্যকে হত্যা করে। তারা আত্মসমর্পণ চুক্তি ও জেনেভা কনভেনশন ভঙ্গ করে বাঙালি সেনাদের ওপর ওই আক্রমণ করে।
পাকিস্তানিরা বাংলাদেশের মাটিতে পরাভূত হওয়ার পরও এ দেশের বিজয়ের প্রতি কতখানি ঘৃণা ও বিদ্বেষ পোষণ করছিল, মিরপুরে সংঘটিত ঘটনা ছিল তারই প্রমাণ। মিরপুর মুক্ত করার শুরুতে ৩ প্লাটুন সেনাসদস্যের সঙ্গে অপারেশনে অংশ নেন পুলিশ বাহিনীর সদস্যরাও। কিছু প্রতিপক্ষের সমরশক্তি সম্পর্কে সঠিক তথ্য না থাকায় যুদ্ধের প্রথম অভিযানেই নিহত হন বাঙালি সেনাসহ পুলিশের ১২২ জন সদস্য। শহীদ হন সেনাবাহিনীর লে. সেলিম, পুলিশের এএসপি জিয়াউল হক খান লোদী। শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার অনুপস্থিতিতে লে. সেলিমই যুদ্ধ পরিচালনা করে মুক্ত করেন অবরুদ্ধ মিরপুর। সে সময় তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির প্রথম গার্ড কমান্ডার। মিরপুরকে শত্রুর দখল মুক্ত করতে বীরের মতো যুদ্ধ করে শহীদ হন তিনি। এভাবেই ৩১ জানুয়ারি ভোরে মুক্ত হয় অবরুদ্ধ মিরপুর। এ অভিযান শুরু হয়েছিল বিশিষ্ট সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের সন্ধান করতে গিয়ে। তবে জহির রায়হান শহীদ হয়েছিলেন বলে জানান জুলফিকার আলী মানিক। তার মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুর/জহির রায়হান অন্তর্ধান রহস্যভেদ বই থেকে জানা যায়, মিরপুর-১২ নম্বর সেকশনের পানির ট্যাংক এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর বিহারি-রাজাকারদের সংঘবদ্ধ সশস্ত্র হামলার শিকার হন জহির রায়হান। মিরপুর শত্রুমুক্ত হওয়ার পর একে একে বেরিয়ে আসে রাজাকার-আলবদর-বিহারিদের পৈশাচিক বীভৎসতার সাক্ষী বধ্যভূমিগুলো। এখন পর্যন্ত ১০টি বধ্যভূমি শনাক্ত করা হয়েছে মিরপুরে। মুক্তিযুদ্ধের এরকম অনেক অনুদঘাটিত ইতিহাসের সাক্ষী মিরপুর। স্বাধীনতার ২৯ বছর পর ২০০১ সালে জানুয়ারির ৩১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে মিরপুরে মুক্ত দিবস পালন করা হয়। তবে দুঃখের বিষয়, আজও মুক্তিযুদ্ধের এই শেষ রণাঙ্গনে শহীদদের কোনো স্বীকৃতি মেলেনি। সরকারি গেজেটে নেই তাদের নাম, নেই কোনো স্মারক চিহ্নও।

কাজী সালমা সুলতানা , লেখক এবং গণমাধ্যম কর্মী ।



