৮ মাস পর কারামুক্তি, আপন ঠিকানায় সাংবাদিক কাজল

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হওয়ার প্রায় ৮ মাস পর কারামুক্ত হয়ে ঘরে ফিরেছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। 

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে তার ছেলে মনোরম পলক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১১টা ৪০ মিনিটে আমরা বাড়ি পৌঁছেছি। শারীরিকভাবে বাবা বেশ দুর্বল। মানসিকভাবে বিপর্যস্ত।’

এর আগে গত ১৭ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রাজধানীর কামরাঙ্গীর চর এবং হাজারীবাগে দায়ের করা দুটি মামলায় ফটো সাংবাদিক কাজলকে জামিন দেন।

গত ২৪ নভেম্বর একই বেঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাংবাদিক কাজলকে জামিন দিয়েছিলেন।

গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলাটি করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর।

এরপর ১০-১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়।

গত ১১ মার্চ রাজধানীর সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাজারীবাগ থানায় মামলাটি করেন যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন আরা ওরফে বেলী।

গত ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরপর গেল ৩ মে অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.