সুখবর দিলেন পপি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী সাদিকা পারভীন পপি কোটি ভক্ত-দর্শকের হৃদয়ে কল্পনার রানি। সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় পপির ক্যারিয়ার শুরু।

‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। রূপালি পর্দার সুদীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য সব সফলতাই পেয়েছেন পপি।

এবার নায়িকার ভক্তদের জন্য সুখবর হলো, আসছে বছরেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। এরমধ্যেই তার নির্মাণ কাজ শেষ হয়েছে।

মুক্তির অনুমতি পেতে এটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। সবকিছু ঠিক থাকলে দুই এক সপ্তাহের মধ্যেই  পপি অভিনীত সাহসী যোদ্ধা নামের সিনেমাটি মুক্তির ছাড়পত্র পাবে।

২০১৮ সালে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পপি। তার সঙ্গে এখানে জুটি বাঁধেন চিত্রনায়ক ইমন। করোনাভাইরাস আসার আগেই এর শুটিং শেষ করেছিলেন নির্মাতা। সম্প্রতি কারিগরি অংশের সব কাজ শেষ হয়েছে। চলতি মাসেই এটি সেন্সরে জমা হচ্ছে।

সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর এটির মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

মূলত সমাজের সব স্তর থেকে দুর্নীতিবিরোধী বক্তব্য তুলে ধরা হয়েছে এ সিনেমায়। এতে পপি ডিবি অফিসার এবং ইমন কর কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন।

এ সিনেমা প্রসঙ্গে পপি বলেন, ‘ছবিটির গল্প সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.