সংসদের একাদশ অধিবেশন বসছে ১৮ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে নতুন বছরের ১৮ জানুয়ারি। বুধবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২১ সালের ১৮ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।

করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। করোনা মহামারির পর চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে বসানোর পাশাপাশি সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.