বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীরা জামাত-বিএনপির ভাড়াটে : ইনু

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা ধর্মীয় নেতা না বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা জামাত-বিএনপির ভাড়াটে খেলোয়াড় বলেও তিনি মন্তব্য করেছেন।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশব্যাপী ধর্মান্ধ রাজনৈতিক শক্তি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করার হুমকি, নারী বিদ্বেষী প্রচারণা, মুক্তিযুদ্ধ-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতা বিরোধী কর্মকাণ্ড দমন করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ইনু।

হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারী রাজনৈতিক মোল্লারা আলেম, ওলামা, ধর্মীয় নেতা না; ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও না, জামাত-বিএনপির ভাড়াটে খেলোয়ার। রাজনৈতিক মোল্লারা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখা দেয়। রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক মোল্লারা বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র বিপদজনক দেশ হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া থেকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলে দিচ্ছে।’ ধর্মব্যবসায়ী, রাজনৈতিক মোল্লাদের এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আখতার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.