ধর্ষণ মামলায় নুরের তিন সহযোগী ২ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ এবং সংগঠনের ঢাবি শাখার সহসভাপতি মো. নাজমুল হুদা।

কারাগারে থাকা এ আসামিদের গ্রেপ্তার দেখানোসহ ডিবি পুলিশ ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। প্রথমে মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে হেমায়েত উদ্দিন খান (হিরণ) রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম, কাওসার আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ২ দিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে একই অভিযোগে কোতয়ালী থানায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয় ডিবি পুলিশ। গত ১৫ অক্টোবর সাইফুল ও নাজমুল হুদাকে এবং ৯ নভেম্বর সোহাগকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ওই শিক্ষার্থী।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.