জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত রাবাব ফাতিমা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

নিউইয়র্কে অনুষ্ঠিত এ নির্বাচনে জাতিসংঘে নিযুক্ত বলুগেরিয়ার স্থায়ী প্রতিনিধি সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য দুই সহ-সভাপতি হলেন নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) জাতিসংঘ মিশন জানিয়েছে, বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ বোর্ড তিনটির সদস্য ও নেতাদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।

সেখানে বলা হয়েছে, নির্বাচিত কার্যনির্বাহী বোর্ডের প্রথম সভায় প্রদত্ত বক্তব্যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যের প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা।

রাবাব ফাতিমা বোর্ডগুলোর কাজ, বিশেষ করে কোভিড-১৯ অতিমারির প্রেক্ষাপটে পুনরায় আগের ভালো অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্ণূ সহযোগিতার নিশ্চিয়তা দেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্বব্যাপী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সংস্থাসমূহ এবং এর নির্বাহী বোর্ডের সঙ্গে দীর্ঘসময় ধরে বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এর ফলে যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এ নির্বাচন তারই প্রতিফলন।’

এ বছর থেকে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা রাবাব ফাতিমা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.